/ কয়েক স্তরের সাংগঠনিক নেতাদের নাম ঘোষণা করল জামায়াত

কয়েক স্তরের সাংগঠনিক নেতাদের নাম ঘোষণা করল জামায়াত

জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুলতবি থাকা কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠক শেষে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কয়েক স্তরের সাংগঠনিক নেতাদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিশে শুরার সভা শেষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নাম ঘোষণা করা হয়।

জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের ফলাফলে শফিকুর রহমান গত বছরের নভেম্বরে দলের আমির পুনর্নির্বাচিত হন। ডিসেম্বরে তিনি শপথ নেন। এরপর দুই ধাপে কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য নির্বাচন ও তাঁদের শপথ হয়। অন্যান্য সাংগঠনিক নেতাদের নাম ঘোষণা করা হয়নি।

জামায়াত জানিয়েছে, সভায় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্যরা (পুরুষ ও নারী) ভার্চ্যুয়ালি যুক্ত হন। সভায় দলের আমির কেন্দ্রীয় মজলিশে শুরার সঙ্গে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন এবং তাঁদের শপথ পরিচালনা করেন।

নায়েবে আমির ও সহকারী সেক্রেটারি

সভায় এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, আ ন ম শামসুল ইসলাম ও সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরকে কেন্দ্রীয় নায়েবে আমির এবং মিয়া গোলাম পরওয়ারকে সেক্রেটারি জেনারেল করা হয়।

সাতজনকে সহকারী সেক্রেটারি জেনারেল করা হয়। তাঁরা হলেন এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুয়াযযম হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান ও এসহানুল মাহবুব জুবায়ের।

এর বাইরে ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়।

নির্বাহী পরিষদের সদস্যরা হলেন এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার, এ টি এম মাছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুয়াযযম হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান, এসহানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, মো. শাহাবুদ্দীন, মো. ইজ্জত উল্লাহ, মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নুরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, শফিকুল ইসলাম মাসুদ ও মোহাম্মদ রেজাউল করিম।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন

দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার জন্য পাঁচ সদস্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে এ টি এম মাছুমকে। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, আ ফ ম আবদুস সাত্তার ও মোবারক হোসাইন।

একই সঙ্গে সারা দেশকে ১৪টি সাংগঠনিক অঞ্চলে ভাগ করে ১৪ জন নেতাকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়েছে। রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক করা হয়েছে আবদুল হালিমকে। বগুড়া অঞ্চল পরিচালক এ টি এম আজহারুল ইসলাম, রাজশাহী অঞ্চল পরিচালক রফিকুল ইসলাম খান, কুষ্টিয়া-যশোর অঞ্চল মোবারক হোসাইন, খুলনা অঞ্চল ইজ্জত উল্লাহ, বরিশাল অঞ্চল মোয়াযযম হোসাইন, ময়মনসিংহ অঞ্চল মো. শাহাবুদ্দীন, ঢাকা মহানগর অঞ্চল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা উত্তর অঞ্চল সাইফুল আলম খান মিলন, ঢাকা দক্ষিণ অঞ্চল আবদুর রব, ফরিদপুর অঞ্চল হামিদুর রহমান আযাদ, সিলেট অঞ্চল এহসানুল মাহবুব জুবায়ের, কুমিল্লা-নোয়াখালী অঞ্চল এ টি এম মাছুম ও চট্টগ্রাম অঞ্চল মুহাম্মদ শাহজাহান।

জামায়াতের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবার কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য হয়েছেন ৩৮৫ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১১৯ জন।