দৌলতপুর খুলনা প্রতিনিধি : নগরীর দৌলতপুর বাজারের দোকানপাট দখলের অভিযোগে দৌলতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নান্নু মোড়লের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের অভিযোগ, অভিনব কৌশলে দোকান দখল ও অর্থ আদায়সহ বিভিন্ন প্রকার দুর্নীতি এবং অনিয়ম করেছেন নান্নু মোড়ল। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তাদের দোকান দখল করে অন্যের কাছে হস্তান্তর করে মোটা অংকের অর্থ বাগিয়ে নিয়েছেন। কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে জানান, দীর্ঘদিন ধরে তারা ব্যবসা পরিচালনা করলেও হঠাৎ করে নান্নু মোড়ল প্রভাব খাটিয়ে তাদের দোকান দখল নিতে চাপ প্রয়োগ করে আসছে। নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তারা জানান।
যার কারণে অনেক ব্যবসায়ী আতঙ্কে রয়েছে। এইসব বিষয়ে স্থানীয় থানায় একাধিক অভিযোগ দেওয়া হয়। দৌলতপুর থানার পুলিশ জানায় যে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সত্যতা স্বীকার করেন। অভিযোগের তদন্ত অফিসার এসআই জাকিরুল ফিরোজ জানান যে, নান্নু মোড়ল এর নামে গ্রেফতারি পরোয়ান জারি হয়েছে।
দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। আশা করছি খুব শীঘ্রই গ্রেপ্তার হবে।
থানায় ও কোর্টে মামলা সূত্রে জানা যায়, দৌলতপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী ও দৌলতপুর বাজারের সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব হামিদ হাওলাদারের বান্দা ঘাটে ঘর ভাড়া দেওয়া সংক্রান্তে নান্নু মোড়ল বাধা সৃষ্টি করে এতে সে শারীরিকভাবে প্রহৃত হয়। ওই ভাড়া সংক্রান্ত চুক্তিতে বাজার কমিটির সভাপতি আলহাজ্ব আসলাম শেখসহ মোট ১২ জন কর্মকর্তার স্বাক্ষর থাকা সত্ত্বেও তাকে বিভিন্নভাবে নাজেহাল করেছে। মহাসিন মোড়ে মো: রুবেলের রেলের লিজের ঘর তালা ভেঙে জুয়েল নামক একজনকে অবৈধভাবে দখল করে দেয় নান্নু মোড়ল। এই ঘটনায় জুয়েলসহ দুইজন আটক এবং নান্নু মোড়ল পলাতক। এছাড়াও অন্তত: ৭জন ব্যবসায়ীর কাছ থেকে দোকান ঘর দেওয়ার কথা বলে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করে পালিয়ে বেড়াচ্ছে।