/ নির্বাচিত হলে খুলনা-৩ আসনে আধুনিকহাসপাতাল নির্মাণ করা হবে : বকুল

নির্বাচিত হলে খুলনা-৩ আসনে আধুনিকহাসপাতাল নির্মাণ করা হবে : বকুল

জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে খুলনা-৩ নির্বাচনী এলাকায় একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
গতকাল বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে আরংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী পথসভা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, খুলনা-৩ আসনটি মূলত শ্রমিক ও সাধারণ মানুষের এলাকা হিসেবে পরিচিত। এখানে মানসম্মত চিকিৎসা সেবার চরম সংকট রয়েছে। জরুরি প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই অঞ্চলের মানুষকে আজও ঢাকার ওপর নির্ভর করতে হয়। এই বঞ্চনার অবসান ঘটাতেই তিনি নির্বাচিত হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবেন, যেখানে নামমাত্র মূল্যে সাধারণ মানুষ সকল আধুনিক চিকিৎসা সেবা পাবেন।
গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
বকুল প্রত্যয় ব্যক্ত করেন যে, জনগণের রায় নিয়ে তিনি সংসদে যেতে পারলে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কোনো আপস করবেন না। নির্বাচনী প্রচারণার এই সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
আড়ংঘাটা ইউনিয়নে আয়োজিত নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিতুল প্রমুখ।
আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত গণসংযোগ ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।-খবরঃ বিজ্ঞপ্তি