/ বনদস্যু মফিজুলের অত্যাচারে অতিষ্ঠ জেলেরা

বনদস্যু মফিজুলের অত্যাচারে অতিষ্ঠ জেলেরা

কয়রা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বনদস্যু মফিজুল ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে জেলে বাওয়ালীরা। সম্প্রতি জেলেদের জীম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একই সাথে তার পরিবারের একাধিক সদস্য জেলেদের ভয় দেখিয়ে চাঁদা আদায় করছে বলে জানা গেছে। স্থানীয় জেলেরা তার জিম্মিদশা থেকে মুক্তি পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।


জানা গেছে, উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়নের পাথরখালি এলাকার গফুর সানার ছেলে মফিজুল ইসলাম। সম্প্রতি নানাভাই বাহিনীর সাথে সুন্দরবনে দস্যুতায় যোগ দেয়। এর আগে জেলে ছিলো। দস্যুতায় যোগ দেওয়ার পর থেকেই কয়রা এলাকার যত জেলে ছিলো তাদের অধিকাংশদের ভয় দেখিয়ে বিপুল পরিমান অর্থ আদায় করে। লোকালয়ে থেকে তার চাচাতো ভাই শফিকুল ও খোকন এই টাকা কালেকশন করে থাকে। এছাড়া নানা ভাই বাহিনীকে খাবারসহ বিভিন্ন জিনিসপত্র পৌঁছে দেন শফিকুল ও খোকন। ওই এলাকার কোন জেলে কখন সুন্দরবনে প্রবেশ করছে তার খবর দেয় এরা। এরপর মফিজুল সেই মোতাবেক সুন্দরবনের ওই অংশে অবস্থান নিয়ে জেলেদের জিম্মি করে অর্থ আদায় করে।


কয়রার জেলে ইমরান হোসেন ও বাপ্পী জানান, মফিজুল এই এলাকার ছেলে। অথচ সে নিজেদের এলাকার মানুষের ওপর অত্যাচার চালাচ্ছে। আমরা তার জিম্মিদশা থেকে টাকা দিয়ে ছাড় পেয়েছি।
এ বিষয়ে কয়রা থানার ওসি রাশেদুল আলম বলেন, মফিজুলের বিষয়টি আমি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।