মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় জবানবন্দি দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন। তাঁকে কবে জবানবন্দি দিতে হবে, সে বিষয়ে এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নিতে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি।
পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে নির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, চব্বিশের গণ–অভ্যুত্থানসহ আগের সময়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বাহিনী মানবতাবিরোধী, গণহত্যা ও অন্যান্য যেসব অপরাধ করেছে, সেসবের বিচার তাঁরা চেয়ে আসছেন। সেই বিচারের অগ্রগতি কত দূর, সে বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য আজকে তিনি ট্রাইব্যুনালে এসেছেন।
ট্রাইব্যুনালে বিচারাধীন দুটি মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেবেন উল্লেখ করে আখতার হোসেন জানান, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় তিনি গ্রেপ্তার হওয়ার আগপর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সহিংসতা হয়েছিল, সে ঘটনায় ট্রাইব্যুনালে যে মামলা চলছে, সেটিতে তিনি সাক্ষ্য দেবেন।
এ ছাড়া ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা করে দেশে আন্দোলন হয়। সেই আন্দোলনে শেখ হাসিনার বাহিনী ঢাকা, ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য জায়গায় গণহত্যা চালায় এবং সেই ঘটনায় ট্রাইব্যুনালে করা মামলায় তাঁর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে বলে এনসিপির সদস্যসচিব জানান।
এদিকে ব্রিফিংয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আখতার হোসেন ট্রাইব্যুনালে করা দুটি মামলার সাক্ষী। সে ব্যাপারে তাঁর সঙ্গে প্রসিকিউশনের কথাবার্তা বলার দরকার ছিল। এর বাইরে তিনি যেহেতু একটি রাজনৈতিক দলের নেতা এবং বর্তমানে সংসদ সদস্য। এসব কারণে তিনি ট্রাইব্যুনালের কোন মামলার কত দূর অগ্রগতি, সেটি জানতে এসেছিলেন।