কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। গত সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক রাশেদ আলী (৩৫) একই এলাকার রবিউল শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে ওইদিন রাতে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জহুরুল বড় ভাই রাশেদকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহতাবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় এবং শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল।
ঘটনার পর অভিযুক্ত জহুরুল ও তার পরিবার লোকজন পলাতক রয়েছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।