কুষ্টিয়ার দৌলতপুরে প্রধান শিক্ষকের
অফিস লক্ষ্য করে বোমা হামলা
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে এসএসসি নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলাকালে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়কে লক্ষ্য করে ককটেল বোমা হামলা চলানো হয়েছে। বিষ্ফোরিত বোমার বিকট শব্দে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত সোমবার (২ নভেম্বর) বিকেল ৪টার দিকে বোমা হামলার এ ঘটনা ঘটে।
পুলিশ ও বিদ্যালয়ের শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ মোবাইল ফোন দেখে নকল করে পরীক্ষা দেওয়ার অভিযোগে ৫জন শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন জব্দ করেন। এ সময় তানজিন রহমান রিদু নামে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পরে প্রধান শিক্ষকের কার্যালয়কে লক্ষ্য করে পর পর দুটি বোমার বিস্ফোরণ ঘটলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তারা ছুটোছুটি করতে থাকে।
ঘটনার সময় বোমা হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বিস্ফোরণের সময় আমি নিজ কক্ষে ছিলাম। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা বলতে পারব না। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মোবাইল ফোন জমা দিতে বলা হয়েছিল। কয়েকজন জমা দেয়। মুঠোফোন দেখে এক শিক্ষার্থী নকলের চেষ্টা করলে তাকে বহিষ্কার করা হয়। কিছুক্ষণ পরই বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমা বিষ্ফোরণের খবর পেয়ে বিদ্যালয়ের পাশে থাকা ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা একটি মোটরসাইকেল উদ্ধার করে।
থানার ওসি খালেদুর রহমান বলেন, পরীক্ষার হলে নিয়ম ভঙ্গের কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ এক শিক্ষার্থীকে বহিষ্কার করে। এরপর বিদ্যালয়ের পাশে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।