/ খুলনায় পাঠ্যবই এসেছে চাহিদার ৪৫ শতাংশ

খুলনায় পাঠ্যবই এসেছে চাহিদার ৪৫ শতাংশ

স্টাফ রিপোর্টার ঃ নতুন শিক্ষাবর্ষ ২০২৭ সালের পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে খুলনায়। তবে এখন পর্যন্ত জেলার মোট চাহিদার মাত্র ৪৫ শতাংশ বই এসে পৌঁছেছে। বাকি ৫৫ শতাংশ বইয়ের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার সরকারি মন্নুজান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৩টি মাদ্রাসার মধ্যে বই বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য এসব বই বিতরণ করা হচ্ছে। উদ্বোধনী দিনে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা, রিয়াদুল জান্নাহ্ হিফজ মাদরাসা ও মুহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসাসহ ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা বই গ্রহণ করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষে খুলনা জেলায় ২ লাখ ৫৯ হাজার ২০৯ জন শিক্ষার্থীর জন্য ২৮ লাখ ৬৬ হাজার ৯টি বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে এখন পর্যন্ত পাওয়া গেছে ১২ লাখ ৯৪ হাজার ৫২৮টি বই। এখনও বাকি রয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৮১টি বই।


শ্রেণি ও স্তরভিত্তিক বই প্রাপ্তির তথ্যে দেখা গেছে, ইবতেদায়ি স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের শতভাগ সরবরাহ পাওয়া গেছে। তবে মাধ্যমিক স্তরে বাংলা বই এসেছে ষষ্ঠ শ্রেণিতে ৪৮, সপ্তমে ৪৯, অষ্টমে ৪৭ এবং নবম শ্রেণিতে ৪৮ শতাংশ।


ইংরেজি বইয়ের সরবরাহ পরিস্থিতি আরও পিছিয়ে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির কোনো ইংরেজি বই এখন পর্যন্ত আসেনি। অষ্টম শ্রেণির ৮৫ শতাংশ বই পাওয়া গেছে। দাখিল স্তরের সপ্তম শ্রেণির বাংলা বইয়ের ৭৮ শতাংশ পাওয়া গেলেও ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির বই এখনও এসে পৌঁছায়নি। অন্যদিকে, ভোকেশনাল স্তরের বই প্রাপ্তির হার শূন্য।


খুলনা জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান বলেন, প্রাপ্ত বইয়ের শতভাগ বিতরণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি বইগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে তাঁদের কার্যক্রম চলমান রয়েছে।