বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপির খুলনা আগমনকে কেন্দ্র করে খুলনাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।প্রধানমন্ত্রীর সফরকে সর্বাত্মকভাবে সফল করা এবং সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে খুলনা মহানগর বিএনপি এবং এর সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সাথে ধারাবাহিক মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) বিএনপির পক্ষ থেকে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)’—এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঐতিহাসিক রূপ দিতে এবং তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় সার্বিক প্রস্তুতি জোরদার করতে দু’দিনব্যাপী মতবিনিময় কর্মসুচি গ্রহন করেছে দলটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ নভেম্বর (রবিবার) বেলা ১১টায় খুলনা মহানগর ছাত্রদলের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৩টায় মহানগর মহিলা দল, বাদ মাগরিব মহানগর যুবদল এবং রাত ৮টায় মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। পরের দিন, ২ নভেম্বর (সোমবার) বেলা ১১টায় মহানগর শ্রমিক দল এবং দুপুর ১২টায় মহানগর কৃষক দল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) প্রতিনিধি ও নেতাকর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ নভেম্বর থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি খুলনা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড বিএনপি এবং সর্বস্তরের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ধারাবাহিক মতবিনিময় করবেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন,প্রধানমন্ত্রীর খুলনা আগমনকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সফরের দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকা কীভাবে জনসমুদ্রে পরিণত করা যায়,সে লক্ষ্যেই এখন সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।-খবর ঃ বিজ্ঞপ্তির