/ খুলনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বিশ্ব নগর দিবসে সিরাক-বাংলাদেশ ও সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে কর্মসূচি

স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধ ও নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে খুলনায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বিশ্ব নগর দিবস উপলক্ষে সিরাক-বাংলাদেশ ও খুলনা সিটি করপোরেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সকাল ১০টায় নগরীর রূপসা মোড় থেকে নতুন বাজার মোড় পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব রেজা রশিদসহ অন্যান্য কর্মকর্তা। সিরাক-বাংলাদেশ এর নেটওয়ার্ক অফিসার মোঃ কামরান মিয়া ও প্রজেক্ট অফিসার সুমাইয়া রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সিটি করপোরেশন নিয়মিত পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তবে নগরের তরুণদের এ ধরনের উদ্যোগে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। তিনি তরুণদের নগরের সেবামূলক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সিরাক-বাংলাদেশের নেটওয়ার্ক অফিসার মো. কামরান মিয়া বলেন, দেশের পাঁচটি সিটি করপোরেশনের সঙ্গে নগর যুব কাউন্সিলের মাধ্যমে সরাসরি কাজ করছে সিরাক-বাংলাদেশ। খুলনাতেও তরুণদের নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া সিরাক-বাংলাদেশের স্বেচ্ছাসেবক ফারজানা যুথি বলেন, ‘আমরা নিজেরা সচেতন হলেই নগরীকে পরিচ্ছন্ন করে গড়ে তোলা সম্ভব। আমরা সম্পূর্ণ স্বেচ্ছায় সিরাক-বাংলাদেশের সঙ্গে কাজ করছি। এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতাও বটে।’

অভিযানে সিরাক-বাংলাদেশের স্বেচ্ছাসেবক তানভীর হাসান অর্নব, মো. মুজাহিদুর রহমান, আহমেদ আকাশ, তাহসিন হাসান অনিক, মো. মিনহাজুল আবেদীন, মো. আমিরুল ইসলাম, মোহাঃ রহমাতুল্লাহ, ফয়সাল ইমরান, সুদীপ্ত রায়, নাজমীন খানম ছোঁয়া, ফারিহা ঝিলাম, হালিমাতুস সাদিয়া সুখি, শামিমা সুলতানা, স্নেহা আফরিন বর্ষা, ইভানা হক ইভা, সৌরভ ঘোষ, আয়শা ছিদ্দিকা আনহা, সুমাইয়া শিমু, মুনতাসির হাসান, সাদিয়া আফরিন ছবি, আব্দুল্লাহ আল কাফি মৃদুল, মোসা. রানী খাতুন, খাদিজা ইয়াসমিন স্নিগ্ধা ও ফারজানা যুথি অংশ নেন।