নিজস্ব সংবাদদাতা, সাগরদাঁড়ি (যশোর) : যশোরের কেশবপুরে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে উপজেলার বড়েঙ্গা গ্রামের কৃষক হাসেম আলী সরদারের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় কলাতলা বিলে নিজের জমিতে ধান কাটার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের মৃত সাহেব আলী সরদারের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃষক হাসেম আলী সরদার সকালে কলাতলা বিলে ধান কাটাতে যান। সকাল ১১টার দিকে প্রচন্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কৃষকের ছেলে ইয়াসিন আরাফাত বলেন, তার বাবা সকালে নিজেদের ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন। বাবার মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই কৃষককে হাসপাতালে আনা হয়।