/ বাড়ি ফেরা হলো না বিএনপি নেতা মনিরুল ফরাজীর, গোপালগঞ্জে যোগাযোগ বিচ্ছিন্ন

বাড়ি ফেরা হলো না বিএনপি নেতা মনিরুল ফরাজীর, গোপালগঞ্জে যোগাযোগ বিচ্ছিন্ন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক:
ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়ি ফেরার পথে গোপালগঞ্জে বিএনপি নেতা মনিরুল হক ফরাজীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) রাতে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন বাগেরহাট জেলা বিএনপির নেতা মনিরুল হক ফরাজী।গোপালগঞ্জ এলাকায় পৌঁছানোর পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে।

স্বজনদের দাবি, ঘটনার পর থেকে ফরাজীর নিজের মোবাইল ফোন ও তার গাড়িচালকের মোবাইল ফোন — দুটোই বন্ধ পাওয়া যাচ্ছে। কোথায় আছেন, কী অবস্থায় আছেন — এখনো তা জানা যায়নি। এ ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছেন বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। মনিরুল হক ফরাজীর স্ত্রী-সন্তানেরা বর্তমানে দেশের বাইরে রয়েছেন।

তবে এ বিষয়ে এখনো পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফরাজীর পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে প্রায়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে কারাভোগকারি মনিরুল হক ফরাজীকে উদ্ধারের জন্য চেষ্টা চলছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় সহিংসতা চলছে। টুঙ্গিপাড়া থানা, মুকসুদপুর থানা ও একাধিক বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।