/ খানাখন্দে চলাচলের অযোগ্য দিঘলিয়া-আড়ুয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

খানাখন্দে চলাচলের অযোগ্য দিঘলিয়া-আড়ুয়া সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনার দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ দিঘলিয়া-আড়ুয়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে| সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে| বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে| এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ হাজারো মানুষকে|


সরেজমিনে দেখা যায়, দিঘলিয়া উপজেলা সদর থেকে বারাকপুর হয়ে আড়ুয়া ফেরিঘাট পর্যন্ত বিস্তৃত এ সড়কের বিভিন্ন অংশ ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে| সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়| স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার না হওয়ায় প্রতিনিয়ত ছোটখাটো দুর্ঘটনা ঘটছে|


স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া-আড়ুয়া সড়কটি দিঘলিয়া উপজেলার পাশাপাশি তেরখাদা উপজেলা ও নড়াইলের কালিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক| প্রতিদিন হাজারো মানুষ এ পথ ব্যবহার করেন|


সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ছিল| নগরঘাটে ˆভরব সেতু নির্মাণ এবং আড়ুয়া ফেরিঘাটে সেতু নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে পরে এটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে হস্তান্তর করা হয়| তবে সওজের আওতায় আসার পরও সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের|


দিঘলিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল বলেন, সড়কটি বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের অধীন| তাই এর উন্নয়ন ও সংস্কারের দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগই পালন করবে|


এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ, খুলনার নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, দিঘলিয়া-আড়ুয়া সড়ক সংস্কারের পরিকল্পনা রয়েছে| বর্ষা মৌসুম শেষে সংস্কারকাজের জন্য দরপত্র আহ্বান করা হবে| একই সঙ্গে সড়কটি দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট প্রশস্ত করার পরিকল্পনাও রয়েছে|