/ প্রান্তিক জনগোষ্ঠীর সমতা ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

প্রান্তিক জনগোষ্ঠীর সমতা ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

স্টাফ রিপোর্টারঃ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি বৈষম্য দূর এবং সমতা ও সুরক্ষা নিশ্চিত করতে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর একটি বিলাসহুল হোটেলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট)।

সভায় স্বাগত বক্তব্য দেন ব্লাস্টের খুলনা ইউনিটের উপদেষ্টা অ্যাডভোকেট অশোক কুমার সাহা। সভার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও ধারণাপত্র উপস্থাপন করেন লুবনা ইয়াসিন। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এ ধরনের অ্যাডভোকেসি কার্যক্রম অব্যাহত থাকবে। কেবল আইন প্রণয়ন নয়, তার কার্যকর বাস্তবায়ন এবং বাস্তব পরিবর্তন আনতে করণীয় নির্ধারণই এ আলোচনার মূল উদ্দেশ্য।

প্রান্তজ যুব সংঘের সভাপতি মো. জাহিদুর রহমান বলেন, হিজড়া জনগোষ্ঠী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও বাসস্থানে নানা বৈষম্যের শিকার হন। তাদের জন্য মর্যাদা, সমঅধিকার, আইনি স্বীকৃতি এবং শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করে সমাজের মূলধারায় পূর্ণ অংশগ্রহণের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিহারি সম্প্রদায়ের প্রতিনিধি আসফিক আহমাদ সিদ্দিকী বলেন, বিহারি জনগোষ্ঠী এখনো বাসস্থান, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক বৈষম্যসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি। এসব সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

সভা সঞ্চালনা করেন ব্লাস্ট খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট ফাতেমা খন্দকার।

এসময় ব্লাস্ট খুলনার সহসভাপতি হালিমা খানম, সাংবাদিক, সোনালী দিন প্রতিবন্ধী সংস্থা, মানবসেবা ও সামাজিক উন্নয়ন সংস্থা, সাথী, বাংলাদেশ মহিলা পরিষদ, দলিত, প্রান্তজ, নবলোক, প্রতিবন্ধী, হিজড়া ও বিহারি প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।