নিজস্ব সংবাদদাতা, ফয়লাহাট (রামপাল) : বর্ষা মৌসুমের শুরুতেই বাগেরহাটের রামপালের বিভিন্ন সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী চার শতাধিক ভূমিহীন পরিবার চরম দুর্ভোগে পড়েছে| জরাজীর্ণ ঘরের চালা ও বেড়া দিয়ে বৃষ্টির পানি ঢুকে পড়ায় গত ছয় দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা|
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তর সূত্র জানায়, ২০১০ সালের দিকে উপজেলার গৌরম্ভা, উজলকুড়, বাঁশতলী, রামপাল সদর ও পেড়িখালী ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি আবাসন প্রকল্প নির্মাণ করে প্রায় ৮০০ ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়| তবে নির্মাণের আট-নয় বছর পর থেকেই ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে| দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অর্ধেকের বেশি পরিবার আবাসন ছেড়ে চলে গেলেও এখনো প্রায় ৪০০ পরিবার সেখানে বসবাস করছে|
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ ঘরের টিনের চালা ও বেড়া মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে| বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি পড়ে| অনেকে পলিথিন দিয়ে চালা ঢেকে রাখলেও বাতাসে তা উড়ে গেলে আবারও পানি ঢুকে পড়ে| রাতে বৃষ্টির সময় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বাসিন্দাদের|
মুজিবনগর আবাসনের বাসিন্দা সালেহা বেগম বলেন, “ঘরের চালা দিয়ে পানি পড়ে| বৃষ্টি হলে ঘুমাতে পারি না| কাজও করতে পারছি না, খাবারেরও কষ্ট|” অন্য বাসিন্দারাও দ্রুত ঘর সংস্কার ও খাদ্যসহায়তার দাবি জানিয়েছেন|
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম বলেন, এ মুহূর্তে ঘর মেরামত বা খাদ্য সহায়তার জন্য কোনো সরকারি বরাদ্দ নেই| আগামী শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে| তবে ঘরগুলো এতটাই পুরোনো যে অনেক ক্ষেত্রে মেরামতের পরিবর্তে নতুন করে নির্মাণের প্রয়োজন হতে পারে|