খুলনা নগরীকে পরিচ্ছন্ন, সবুজ ও নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সোলার সিটি হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন জনউদ্যোগ, খুলনার নেতৃবৃন্দ। একইসঙ্গে জলাবদ্ধতার নামে বারবার প্রকল্প গ্রহণ করে রাষ্ট্রীয় অর্থ অপচয় না করার আহ্বান জানান তারা।
গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা শ্লোগানকে সামনে রেখে আয়োজিত আলোচনা ও ষান্মাসিক সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের প্রকল্পগুলো অবশ্যই দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে গ্রহণ করতে হবে। জনগণের মতামতের ভিত্তিতে নগর পরিচালনা নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করে বলেন, ২২ খাল হয়েছে ২২ ড্রেন তাই ২২ খালের জায়গা আবার খাল হিসেবে ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে নিয়মিত ড্রেন পরিষ্কার ও সংস্কার এবং নগরীর সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা।
সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ, খুলনার আহ্বায়ক শিক্ষকনেতা মানস রায়। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন।
এতে বক্তব্য রাখেন খুলনা সিভিল সোসাইটির আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলী, নারী নেত্রী শামীমা সুলতানা শীলু, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, ইন্সপায়ার কনসালটেন্সি বাংলাদেশের সমন্বয়কারী বাহালুল আলম, নারী নেত্রী নূরুন নাহার হীরা, কৃষ্ণা দাশ, যুব সেলের জয় বৈদ্য ও দীপ বৈদ্য প্রমুখ।-খবর ঃ বিজ্ঞপ্তির।।