/ খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুরনতুন রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৮ জন

খুলনা বিভাগে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুরনতুন রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ২৫৮ জন

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুর প্রকোপ সামলাতে হিমশিম খাচ্ছে খুলনা বিভাগের হাসপাতালগুলো। প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৫৮ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২২৪ এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগীর চাপ খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এই এক দিনেই ভর্তি হয়েছেন ১৯৪ জন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৭৬ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১৫৯ জনকে। এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২১ জনের।


খুলনা জেলায় চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৪৭ জন। এর মধ্যে ১ হাজার ৯৭১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৬৪ জন। এ জেলায় ডেঙ্গুতে মারা গেছেন দু’জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ১১০ জনকে।
গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ১০৬ জন। চলতি বছরে এ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৬৩০ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৩৮৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ২২৮ জন। এ হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮ জনের।
খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৯২ জন। বিভাগের মোট চিকিৎসাধীন রোগীর প্রায় দুই-তৃতীয়াংশই এই দুই স্থানে।


খুলনার পর বাগেরহাটে ডেঙ্গুর বিস্তারও উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩। এর মধ্যে ১ হাজার ৫৫ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১০৪ জন। ডেঙ্গুতে মারা গেছেন একজন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে ৩৩ জনকে।


যশোরে গত ২৪ ঘণ্টায় ৩০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ জেলায় আক্রান্ত হয়েছেন ৬২৩ জন। তাঁদের মধ্যে ৫৫৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৬০ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে পাঁচজনকে।


সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে আটজন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলা হাসপাতালে চলতি বছরে আক্রান্ত ৯৪ জনের মধ্যে ৭৩ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৮ জন। মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৯৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৯ জন। দুই হাসপাতালেই ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।


নড়াইলে গত ২৪ ঘণ্টায় তিনজন নতুন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে জেলায় আক্রান্ত ২৪৪ জনের মধ্যে ১৯৯ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৩৭ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে আটজনকে।
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে আক্রান্ত ১২৮ জনের মধ্যে ১১৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১০ জন।


ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি। তবে এসব জেলায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যথাক্রমে ১১, ১৩ ও তিনজন।


মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন একজন রোগী ভর্তি হয়েছেন
। চলতি বছরে আক্রান্ত ১০০ জনের মধ্যে ৯১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন নয়জন।


প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চিকিৎসাব্যবস্থার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে একদিকে হাসপাতালের সক্ষমতা বাড়ানো, অন্যদিকে নগরজুড়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস দুই দিকেই সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।