/ খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাস বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণের দাবি

নিজস্ব সংবাদদাতা,কপিলমুনি (পাইকগাছা)॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল¬চন্দ্র রায়ের নামে নামকরণের দাবি জানিয়েছেন স্যার পিসি রায় স্মৃতি সংসদ| ৩০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সাথে মতবিনিময় করে এ দাবি জানান সংসদের নেতৃবৃন্দ|

মতবিনিময়কালে স্মৃতি সংসদের সভাপতি ডাঃ আলহাজ্ব মুহাম্মদ কওসার আলী গাজী বলেন, বিজ্ঞানী পিসি শুধু বাংলাদেশের গর্ব নয়, তিনি বিশ্ব নন্দিত বিজ্ঞানী ছিলেন| তিনি বিজ্ঞানীর স্মৃতি সংরক্ষণ ও তার জীবন আদর্শ তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ দ্বিতীয় ক্যাম্পাস জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়ের নামে নামকরণ করার দাবি জানান| এছাড়া স্মৃতি সংসদের পক্ষ থেকে বিজ্ঞানীর বসতবাড়ি সংস্কার, জমির বিরোধ নিষ্পত্তি, অডিটোরিয়াম, মিউজিয়াম, রেস্ট হাউস নির্মাণ সহ আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন এবং বিজ্ঞানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান| এসময় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ উপজেলার রাড়ুলীতে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত দেশের প্রথম বালিকা বিদ্যালয় ভুবনমোহিনী মাধ্যমিক বালিকা জাতীয়করণ ও ১৯০৩ সালে প্রতিষ্ঠিত আর কে বি কে হরিশ্চন্দ্র ইনস্টিটিউট কে ডিগ্রি কলেজে রুপান্তর এবং জাতীয়করণের দাবি জানান|
‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, তানভীর আহমেদ সহ স্যার পিসি রায় স্মৃতি সংসদের নেতৃবৃন্দ|
‎উল্লেখ্য বিজ্ঞানী আচার্য প্রফুল¬চন্দ্র পিসি রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন| ১৯৪৪ সালের ১৬ জুন পরলোকগমন করেন| চির কুমার এ বিজ্ঞানী তার জীবনের অর্জিত সকল সম্পদ মানব কল্যাণে দান করে গেছেন| প্রতি বছর ২ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগের বিজ্ঞানীর জন্মবার্ষিকী সরকারি ভাবে উদযাপিত হয়ে আসছে|