ওবায়দুল কবির সম্রাট, কয়রা খুলনা : দেয়ালে দেয়ালে গুলির ক্ষত। ছাদের ওপর জন্মেছে আগাছা। কোথাও খসে পড়ছে পলেস্তারা, কোথাও ধরেছে ফাটল। একসময় যে বাড়ি ছিল জমিদারি প্রতিপত্তির প্রতীক, এখন সেটিই ধুঁকছে ধ্বংসের প্রহর গুনে। প্রায় ৩০০ বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা বাড়িটির দিকে তাকানোর যেন কেউ নেই। অথচ এর দেয়ালে এখনো লেগে আছে মুক্তিযুদ্ধের রক্তাক্ত স্মৃতি।খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের শেওড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরোনো এই স্থাপনাটি অবস্থিত । স্থানীয়ভাবে এটি কান্তরাম জমিদারবাড়ি নামে পরিচিত। একসময় যে বাড়ি ছিল জমিদারি প্রতিপত্তির প্রতীক, এখন সেখানে ঘুরে বেড়ায় নিঃসঙ্গতা আর অবহেলার চিহ্ন।
স্থানীয় ইতিহাস ও বংশধরদের কাছ থেকে জানা যায়, অষ্টাদশ শতকের শুরুর দিকে গহিন সুন্দরবন পরিষ্কার করে কান্তরাম মণ্ডল সেখানে জমিদারি প্রতিষ্ঠা করেন। প্রায় দুই হাজার বিঘা জমি নিয়ে বিস্তৃত ছিল তাঁর জমিদারি। সে সময় কপোতাক্ষ নদে জলদস্যুদের উৎপাত ছিল বেশ লক্ষণীয়। কান্তরাম মণ্ডল ও তাঁর বংশধরেরা দস্যুদের দমনে ভূমিকা রাখতেন। এলাকায় ছিল তাঁদের ব্যাপক প্রভাব-প্রতিপত্তি। নদী ও জনপদ ঘিরে সেই ক্ষমতার ইতিহাস আজও টিকে আছে জরাজীর্ণ বাড়িটির অস্তিত্বে।বাড়িটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ওই সময় স্থাপনাটি ব্যাপক লুটপাটের শিকার হয়। বাড়ির দেয়ালে এখনো ছড়িয়ে আছে অসংখ্য গুলির চিহ্ন। দেয়ালের সেই ক্ষত যেন একাত্তরের সহিংসতার নীরব দলিল। অথচ মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই স্থাপনাটিও আজ সংরক্ষণের বাইরে।
জমিদার পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অশ্বিনী মণ্ডলের বয়স এখন প্রায় ৯০ বছর। তিনি কান্তরাম মণ্ডলের একমাত্র জীবিত নাতি বলে জানা গেছে। বার্ধক্যের কারণে স্মৃতিশক্তি কিছুটা কমে এলেও পরিবারের অতীত ইতিহাসের নানা তথ্য জানিয়েছেন তিনি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নিয়ে সংরক্ষণের উদ্যোগ নিলে তাঁর কোনো আপত্তি নেই বলেও জানান।
সরেজমিনে দেখা যায়,ভবনের চারপাশে আগাছা জন্মেছে। দুই তলা ভবনের দশটি কক্ষের বিভিন্ন অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দ্বিতীয় তলার ছাদে ধরেছে ভাঙন। দেয়াল ও ছাদের ফাঁকে জন্মেছে গাছপালা। কোথাও খসে পড়ছে ইট-সুরকি। ভবনের দেয়ালের বিভিন্ন অংশে লেগে আছে একাত্তরের গুলির ক্ষত, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্থাপনাটির ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে শঙ্কা।
বাগালীর শেওড়া গ্রামের বাসিন্দা আমজেদ হোসেন জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসররা কান্তরাম জমিদার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করে। সেই হামলার সাক্ষ্য বহন করছে বাড়ির দেয়ালে থাকা অসংখ্য গুলির চিহ্ন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেয়ালের সেই ক্ষত আজও মুছে যায়নি।তিনি আরও বলেন,অযত্ন আর অবহেলায় ঐতিহাসিক স্থাপনাটি এখন প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে। সংস্কার নেই, সংরক্ষণের উদ্যোগ নেই, নেই প্রত্নতাত্ত্বিক স্বীকৃতির দৃশ্যমান কোনো তৎপরতা।
স্থানীয় বাসিন্দারা জানান , কান্তরাম জমিদার বাড়ি কেবল একটি পুরোনো ভবন নয়; এটি কয়রার আঞ্চলিক ইতিহাস, জমিদারি ব্যবস্থার স্মৃতি এবং মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ প্রচার-প্রচারণা ও সরকারি উদ্যোগের অভাবে স্থাপনাটি রয়ে গেছে লোকচক্ষুর আড়ালে। দেয়ালের গুলির ক্ষত হয়তো ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে, কিন্তু ছাদ-দেয়াল ভেঙে গেলে হারিয়ে যাবে সেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বস্তুগত নিদর্শন। ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগেই কান্তরাম জমিদার বাড়ি সংরক্ষণে তাঁরা বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব নিরূপণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম বলেন, ভবনটি ইতিহাস সমৃদ্ধ হলে বা ঐতিহাসিক গুরুত্ব থাকলে এটি সংরক্ষণ করার যে প্রক্ষিয়া রয়েছে সেই প্রক্রিয়ার অবশ্যই আমার অগ্রগামি হবো, তবে ভবনটি প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য কেমন রয়েছে সেটা সরেজমিনে পরিদর্শন না করলে বোঝা যাবে না, আমি বা আমার প্রতিনিধি খুব শিগ্রই ভবনটি পরিদর্শন ও এর ঐতিহাসিক গুরুত্ব যাচাই করে এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।