/ শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত পাটকেলঘাটার গাছিরা

শীতের আগমনে খেজুরের রস সংগ্রহে ব্যস্ত পাটকেলঘাটার গাছিরা

শেখ আব্দুল হাই, পাটকেলঘাটা ঃ গ্রীষ্মকে বিদায় জানিয়ে রাতের শেষে ভোরের কুয়াশা ভেজা শিশির সকাল বলছে শীত এসেছে। আর শীতের আগমনে শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক খেজুর গাছ তোলার কাজ। এ কাজে পিছিয়ে নেই সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকার গাছিরা। তারা ঠুনি, দড়া ও গাছ কাটা দা নিয়ে অবিরাম গ্রাম থেকে মাঠে পায়ে হেঁটে চলেছে গাছ কাটতে। প্রতিটি মুহূর্তে খেজুর গাছের রস সংগ্রহের কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। শাঁকদহ গ্রামের গাছী শাহাদাত হোসেন সরদার জানান, যুগীপুকুরিয়া, আমতলারডাঙ্গা, জুজখোলা, ভারসা, আচিমতলা, বড়বিলা, খোর্দ্দ, সরুলিয়া, ঘোষপাড়া, কাশিয়াডাঙ্গা, লাউকাটি সহ অন্যান্য গ্রামগুলোতে আগে এক সময় এলাকায় লক্ষ লক্ষ খেজুর গাছ ছিল। তবে আজ তার সংখ্যা অনেকটা কমে গেছে। তারপরও যে একেবারে কমে গেছে তা ঠিক নয়। যে গাছগুলো রয়েছে সেগুলোর পরিচর্যা করতেই যেন হিমশিম খাচ্ছেন গাছিরা।


যারা গাছ কাটে তাদের বলা হয় গাছি। খেজুর গাছের অগ্রভাগের একটি নির্দিষ্ট অংশ চিরে বিশেষ ব্যবস্থায় ছোট কলসি (ভাড়/ঠিলে) বাঁধা হয়। ফোঁটায় ফোঁটায় রসে পূর্ণ হয় সে কলসি। তাই খেজুর গাছ থেকে রস সংগ্রহে গাছ তোলা কাটাসহ বিভিন্ন রকমের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন গাছিরা। ছোট বড় বিভিন্ন রকমের খেজুর গাছে অত্যন্ত ঝুঁকি নিয়েই তোলা কাটা করতে হয়। কোমরে মোটা রশি অথবা দড়া বেঁধে গাছে ঝুলে গাছ তোলার কাজ করে গাছিরা।
এলাকাবাসী জানান, খেজুর গাছের চাহিদা ইট ভাটায় বেশি থাকায় ও ফসলী জমির একটা মোটা অংশ মাছের ঘের করায় বর্তমানে খেজুর গাছের সংখ্যা অনেকাংশে কমে গেছে। মনে হয় যেন খেজুর গাছ বিলুপ্তি’র সুর বাজছে। এলাকায় আগের মতো মাঠও নেই, নেই সারি সারি খেজুর গাছ। তারপরও গ্রামের মাঠে আর গ্রাম্য মেঠো পথের ধারে কতক গাছ দাঁড়িয়ে আছে কালের স্বাক্ষী হয়ে।


জানা যায়, আমাদের গ্রাম বাংলায় অতীতে খেজুর রসের যে সুখ্যাতি ছিল তা ক্রমেই হারিয়ে যাচ্ছে। খেজুরের রস শীতের সকালে বসে মুড়ি মিশিয়ে গ্লাস ভরে খেতে বেশ মজা লাগে। সন্ধ্যায় রস আরো মজাদার। বেশ লোভনীয় নলেন পাটালি ও গুড়। খেজুর গুড় বাঙালীর সংস্কৃতির একটা অঙ্গ। ক’দিন পরই প্রতিটি ঘরে খেজুরের রস দিয়ে পিঠা, পুলি, পায়েশ তৈরির ধুম পড়বে। ঢেঁকি ঘরে চাল কুটার ধুম পড়ে যাবে, শোনা যাবে ঢেঁকির ঢক ঢক শব্দ। মুড়ি, চিড়া, পিঠা খাওয়া কৃষক পরিবার থেকে শুরু করে সবার কাছে উৎসবের পর্ব। আমতলাডাঙ্গা গ্রামের গাছি জিল্লু শেখ জানান, শীত আসা মাত্রই আমরা খেজুর গাছ ছিলানোর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগেই আছি। পাঁচ মাস খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে তা জ্বালিয়ে গুড় বানিয়ে বাজারে বিক্রি করে বেশ আর্থিক সচ্ছলতা আসে আমাদের। খেজুর গাছ তোলার মৌসুম এলে আমাদের মুখে ফুটে ওঠে হাসি। নিজেদের প্রয়োজনীয় খাবারের চাহিদা মিটিয়ে বাকিটা বিক্রি করে যে অর্থ পাই তা দিয়ে চলে পুরো বছর। এখনো শীত জেঁকে না বসলেও গাছিরা গাছ কাটার জন্য দা তৈরি, ঠুঙি, দড়ি ও মাটির কলস (ভাড়/ঠিলে) কেনার কাজ সেরে নিচ্ছেন। আগের মতো খেজুর গাছ না থাকলেও গাছিরা ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।