বাগেরহাটের ফকিরহাট উপজেলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে ফলের চারা এবং কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই, ২০২৬) উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে একটি আমলকী চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেডআরএফ এই উদ্যোগ গ্রহণ করে।
চারা রোপণের আগে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতিতে ‘বৃক্ষরোপণের গুরুত্ব ও ধান চাষ প্রযুক্তি’ বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে পরিচালনা করেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ সাখাওয়াত। সভায় আলোচনা করেন জেডআরএফ-এর খুলনা বিভাগীয় মনিটর (কৃষিবিদ) এস এম ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম এবং আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষিবিদ হরেন শিকদার।
অনুষ্ঠানে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ নীতির আলোকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় ৪০ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫ কেজি করে মোট ২০০ কেজি ‘ব্রি ধান১০৩’ জাতের বীজ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌহিদুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নয়ন সেন এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।