শাহজাহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি: ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ বলে কটুক্তি ও গ্রেফতারের প্রতিবাদে ফরিদপুরের মধুখালীতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন।
সোমবার (১১ মে) সকাল ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ।” তারা ঢাকায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতার ও পেশাকে অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
এসময় বক্তারা পেশার মর্যাদা রক্ষা, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের মধুখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জসিমউদ্দিন, সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম আরেফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।