তোয়া সিটি মার্কেটে শিশুদের বিনোদন জোনে উপচে পড়া ভীড়
স্টাফ রিপোর্টার : খুলনার নিউমার্কেটের বিপরীতে অবস্থিত তোয়া সিটি মার্কেটে জমে উঠেছে বেচাকেনা। বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য গড়ে তোলা মিনি শিশু পার্কে ছুটির দিনে উপচে পড়া ভিড় দেখা গেছে। নাগরদোলা, মিনি ট্রেনসহ নানা খেলনায় আনন্দে মেতে উঠছে শিশুরা। মার্কেটটিতে রয়েছে কসমেটিকস, পোশাক ও খাবারের দোকানসহ বিভিন্ন পণ্যের সমাহার।
৯ অক্টোবর বিকেলে তোয়া সিটি মার্কেটে ‘ক্রিয়েটিভ বাই রোজা’ নামে খাবার ও কুটিরশিল্পপণ্যের একটি স্টল উদ্বোধন করা হয়। ফিতা কাটা ও কেক কাটার মাধ্যমে স্টলটির উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক সামিনা আলী।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক সমায়ের খবরের সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সাঃ সম্পাদক মো. তরিকুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ হাসান ও সাধারণ সম্পাদক রবিউল গাজী উজ্জ্বল, দৈনিক প্রবাহের সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান সুমন, দৈনিক পূর্বাঞ্চলের মিডিয়া সেলের প্রধান রহমাতুল্লাহ, সুজন মহানগর কমিটির সহ সম্পাদকসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে মোহাম্মদ আলী সনি বলেন, তোয়া সিটি মার্কেট খুলনাবাসীর জন্য সুন্দর একটি স্থান। এখানে মানুষ কেনাকাটাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। তিনি ‘ক্রিয়েটিভ বাই রোজা’র সফলতা কামনা করেন। সামিনা আলীও স্টলটির সমৃদ্ধি কামনা করেন।
স্টলটির স্বত্বাধিকারী রোজা জানান, এখানে কাপ পুডিং, ডিমের হালুয়া, কাপ ফিরনি, কেক, জুস, জর্দা ভাতসহ বিভিন্ন ধরনের মজাদার খাবার পাওয়া যাচ্ছে। পাশাপাশি হাতে তৈরি জিপসামের পণ্য, গয়না ও কুটিরশিল্পের বিভিন্ন সামগ্রীও বিক্রি করা হচ্ছে। ঘরোয়া পরিবেশে তৈরি এসব খাবার ও পণ্য ক্রেতাদের কাছে জনপ্রিয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।