/ হাসপাতালে নানীকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় নাতীর মৃত্যু, খবর শুনে পরদিন নানীর মৃত্যু

হাসপাতালে নানীকে দেখে ফেরার পথে ট্রাকচাপায় নাতীর মৃত্যু, খবর শুনে পরদিন নানীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেহালপুর (মনিরামপুর) : হাসপাতালে নানীকে দেখে ফেরার পথে ট্রাক চাপায় নাতী ছেলের মৃত্যু হয়েছে। খবর শুনে পরদিন সকালে নানীও চলে গেলেন না ফেরার দেশে। সোমবার রাত ১০টার দিকে মোটারসাইকেল আরোহী নাতী ছেলে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে আটার দিকে মারা যান নানী। নাতী ছেলে সাবেক ইউপি সদস্য ইউনুস আলী (৪৫) যশোরের মণিরামপুর উপজেলার ঘুঘরাইল গ্রামের আব্দুল খালেক দফাদারের ছেলে এবং নানী জবেদা বেগম (৯৫) একই উপজেলার খালিয়া গ্রামের মৃত রজব আলীর স্ত্রী। তিনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনের মা। জানাযায়, সোমবার সন্ধ্যায় যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন নানীকে দেখে বাড়ি ফিরছিলেন ইউনিুস আলী। পথেমধ্যি মনিরামপুর পৌরশহরের গোহাটা মোড়ে পৌছুলে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হন ইউনুস আলী। স্থানীয়রা উদ্ধার করে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন নানী মারা যান। স্থানীয়দের ধারনা স্ট্রোকে আক্রান্ত বয়োবৃদ্ধা নাতী ছেলের মৃত্যুর খবরের ধকল নিতে পারেননি। এদিকে মঙ্গলবার পৃথকভাবে বাদ জোহর নানী জোবেদা বেগমের এবং বাদ আছর নাতী ছেলে ইউনুস আলীর নামাজে জানাযা শেষে উভয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।