ভোটকেন্দ্রে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে আনসার সদস্যরা সক্রিয় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন কুমিল্লা রেঞ্জ কমান্ডার (পরিচালক) মোহা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘সারা বিশ্ব বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তাই এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
শনিবার কুমিল্লায় এক সমাবেশে তিনি এ কথা বলেন। আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তার মধ্যে একজন আনসার সদস্য প্রিজাইডিং অফিসারের জন্য নির্দিষ্ট থাকবেন।
উপস্থিত আনসার সদস্যদের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এমন একটি নির্বাচনের মুখোমুখি হয়েছি, যা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করাই আপনাদের মূল দায়িত্ব।’
তিনি বলেন, ‘এবার সফটওয়্যার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করা হবে। কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক আপনারা অ্যাপসে গিয়ে ওই এলাকার নাম ঠিকানা দিয়ে সব আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে পারবেন।’
জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে লক্ষ্যে সফটওয়্যারে ৯,৪৮০ জনকে কনফার্ম করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে মোট ১৩ জন করে আনসার সদস্য থাকবে। যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অস্ত্রসহ তিনজন করে দায়িত্ব পালন করবেন।
সমাবেশে চাঁদপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মু. ফজলে রাব্বি, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর সদর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।