বাগেরহাট ব্যুরোঃ সারাদেশে নারীদের ওপর হামলা, নির্যাতন ও হেনস্তার ঘটনার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে খুলনা বিভাগীয় সেক্রেটারি মনিরা সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডাঃ মনোয়ারা আজাদ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশুর নিরাপত্তা দিন দিন সংকটাপন্ন হয়ে উঠছে। বিভিন্ন স্থানে নারীরা সহিংসতা ও হয়রানির শিকার হলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অপরাধ প্রবণতা বাড়ছে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মনোয়ারা আজাদ বলেন, “নারীর মর্যাদা ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইন প্রয়োগ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন ডা. আকলিমা পারভীন, জেসমিন সুলতানা, হাসিনা নার্গিস, রেশমা ইসলাম, নিলুফা ইসলাম ও লায়লা আরজুমান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাট ২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ। তিনি বলেন,“নারীদের বিরুদ্ধে সহিংসতার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ন্যায়বিচার ও মানবিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বাগেরহাট ২ এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কয়েক হাজার নারী নেতাকর্মী অংশ নেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।