কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাজতি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।
জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। আজ ভোররাতে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’