নিজস্ব সংবাদদাতা, ভাণ্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ডিবি পুলিশের একটি চৌকস দল উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে নির্মাণাধীন একটি ইট সলিং রাস্তার সামনে থেকে মো. আলীম খান দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ঘরে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, গ্রেপ্তারকৃত আলীম খানের বিরুদ্ধে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানায় পূর্বের মাদক মামলাও রয়েছে বলে জানান তিনি।