যশোর ব্যুরো : দোলযাত্রায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আজ (মঙ্গলবার) দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে বন্দর ও কাস্টমস হাউসসহ বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বুধবার (৪ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চলবে বলে দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতীয় পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে জানিয়েছে ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় মঙ্গলবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে পুরোদমে আবারও চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ভারতে দোল পূর্ণিমায় সরকারি ছুটির জন্য মঙ্গলবার এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর ও কাস্টমস হাউজের কার্যক্রমসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে। বুধবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।