ইরানের বিশেষ বাহিনী আইআরজিসি শুক্রবার শেষ রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ‘ট্রু প্রমিজ-৪’ অভিযানের ২১তম ধাপ সম্পন্ন করেছে। ‘ইয়া মোয়াজ আল-মোমেনিন’ কোডনামে পরিচালিত এই বিশেষ অভিযানে ড্রোন এবং অত্যাধুনিক মিসাইলের এক সমন্বিত হামলা চালানো হয় বলে সেপাহ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানের দইব, ভোর হওয়ার আগেই ইরানের পক্ষ থেকে ছোড়া খায়বার শেকান ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনগুলো তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজ ও ছবিতে দেখা গেছে, মিসাইলের আঘাতে শহরের প্রাণকেন্দ্রের ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে খায়বার শেকান মিসাইলগুলো মাঝ আকাশে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়ায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেৎজও তেল আবিবের হৃদপিণ্ডে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানি কর্মকর্তাদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি মিনাব অঞ্চলের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ১৭৫ জন শিশু ও শিক্ষক শহিদ হওয়ার ঘটনায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। ওই দিন ভোরে কোনো উস্কানি ছাড়াই অবৈধভাবে হামলা চালিয়েছিল মার্কিন ও ইসরায়েলি বাহিনী, যাকে ইরান একটি পরিকল্পিত গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে।