/ চিতলমারীতে বাবুই পাখির বাসা বিক্রি করে চলছে সংসার

চিতলমারীতে বাবুই পাখির বাসা বিক্রি করে চলছে সংসার

শফিকুলইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) : শিল্পের কারিগর বলা হয় বাবুই পাখিকে। বাসা তৈরিতে নিপুণ দক্ষতা রয়েছে এদের। এক সময় গ্রামের তাল ও খেজুর গাছে এদের বাসা প্রায়ই দেখা যেত। এখন পাখিটি বিলুপ্তির পথে। অনেকটা চঁড়াই পাখির মত এদের দেখতে মনে হলেও বাস্তবে এরা কঠিন পরিশ্রমী ও আত্মনির্ভরশীল। ঠোঁঠের ক্ষমতায় ঝড়-বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মজবুত ও আরামদায়ক বাসা তৈরি করে সেখানে বসবাস করে থাকে। পাখির রাজ্যে এমন বাসা তৈরির ক্ষমতা আর কারো নেই বললে চলে।


এই পাখিটির বাসার প্রতি রয়েছে মানুষের অন্য রকম আকর্ষণ। তাই কৃত্রিম বাসা তৈরি করে অনেকে বানিজ্যিক ভাবে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন। বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাতে তৈরি বাবুই পাখির বাসা বিক্রি করে সংসার চালাচ্ছেন অনেকে।
গত কয়েকদিন ধরে চিতলমারী সদর বাজার ও আশপাশের এলাকায় বাবুই পাখির বাসা বিক্র করতে দেখা যায় । বাসা কিনতে উৎসুক ক্রেতাদেরও ভিড় দেখা গেছে। অনেকে এটি দেখার জন্য ভিড় করছেন। বাসাগুলি অনেকটা বাবুই পাখির বাসার আদলে তৈরি করা হয়েছে। ফলে এটি কেনার প্রতি আগ্রহ বাড়ছে ক্রেতাদের। ঘরে শোভা বর্ধনের জন্য হাতে তৈরি এ বাসাটি কিনছেন অনেকে।


বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা মো. আল মামুন শেখ , সুমন শেখ জানান, তারা পার্শ্ববর্তী পাটরপাড়া গ্রাম থেকে বাসাগুলি কিনে নিয়ে এসেছেন। চিতলমারীসহ আশপাশের বিভিন্ন হাট-বাজারে এটি বিক্রির মাধ্যমে ছেলে-মেয়ের লেখাপড়ার খরচ জোগানোর পাশাপাশি সংসার চালান। প্রতি পিচ পাখির বাসা একশ টাকা থেকে দেড়শ টাকা পর্যন্ত বিক্রি করছেন। এটি বিক্রিতে ক্রেতাদেরও বেশ সাড়া মিলছে বলে জানান তারা।