স্টাফ রিপোর্টার : মাছের ঘের নিয়ে শান্তিপূর্ণ ব্যবসা করলেও হঠাৎ এক ডাকাত সর্দার ও তার সহযোগীদের হুমকি ও চাঁদাবাজির শিকার হয়েছেন স্থানীয় মৎস্য চাষিরা। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মোঃ আরিফুজ্জামান (আরিফ খলিফা) লিখিত বক্তব্যে বলেন, আইনুল ইসলাম সোহাগ ও তার ৫-৬ সহযোগী গত ফেব্রুয়ারিতে আমার ছোট ভাইয়ের মাছের ঘের থেকে সমস্ত মাছ লুট করে, ঘরের একটি অংশও আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এরপর থেকে তারা নিয়মিত জীবননাশের হুমকি দিচ্ছে।
তিনি আরও জানান, গত ৪ মার্চ ফোনে তাকে বলা হয়, প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে, না হলে তোমার প্রাণ যাবে। ২৮ মার্চও মাথাভাঙ্গায় যাওয়ার সময় তার মোটরসাইকেল থামানোর চেষ্টা করা হয়। আরিফুজ্জামান বলেন, আইনুলের বিরুদ্ধে দেশে মোট ১২টি মামলা চলমান। এটি শুধু আমার নয়, এলাকার নিরাপত্তার জন্যও চরম হুমকি।
মোঃ আরিফুজ্জামান প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, দ্রুত আইনানুগ ব্যবস্থা না নিলে লবণচরা-মাথাভাঙ্গা ও খুলনা অঞ্চলে বড় ধরনের সন্ত্রাসী কার্যক্রম ঘটতে পারে। তিনি বলেন, এই চাঁদাবাজি ও সন্ত্রাসী হুমকি মৎস্য চাষিদের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। এতে শুধু পরিবারগুলো নয়, এলাকার অর্থনীতি ও মাছের ঘের ব্যবসাও প্রভাবিত হচ্ছে।