/ আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ

আশাশুনিতে ৮০০ লিটার পেট্রোল জব্দ

জরিমানা ও ন্যায্যমূল্যে বিক্রি

নিজস্ব সংবাদদাতা, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৮০০ লিটার পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল সাধারণ চালকদের মাঝে বিক্রি করা হয়েছে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নাকতাড়া কালিবাড়ি বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার স্ত্রী মারুফা খাতুনের মুদি দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও মো. তাওহিদুল হাসানের নেতৃত্বে তল্লাশি চালিয়ে দোকানের পেছনে কৌশলে লুকিয়ে রাখা ৪টি ড্রাম ভর্তি ৮০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। ততক্ষণে হাফিজুর রহমান সটকে পড়েন। আদালত অভিযুক্তদের ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। উদ্ধারকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে স্থানীয় মোটরসাইকেল চালকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়।