যশোর ব্যুরো : যশোর সদর উপজেলার শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশন থেকে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনায় যুবদলের ২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।গত সোমবার (৩০ মার্চ) সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলো চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম কবির ওয়াসিম এবং একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য জাকির হোসেন জিকো দফাদার।
বহিষ্কারের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণসহ দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকান্ডের অভিযোগ আনা হয়েছে। দুই নেতার কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় নেতারা জানায়, গত শনিবার রাতে যুবদল নেতা শামিম কবির ও জাকির হোসেন যশের ঝিনাইদহ মহাসড়কের সদরের চুড়ামনকাটি শানতলা এলাকায় অবস্থিত যশোর ফিলিং স্টেশনে গিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক খোলা তেল নিয়ে যান। পরে সেই তেল বেশি দামে বিক্রি করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে রোববার দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ঘটনাস্থলে যান। পরে সিসি ক্যামেরার ফুটেজে ঘটনার সত্যতা পেয়ে তিনি সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের বহিষ্কার করা হয়েছে।