নিজস্ব প্রতিনিধি,রূপসা (খুলনা): খুলনার রূপসায় লোকাল বাসের ধাক্কায় লিলি কুণ্ডু (৪৯) নামে এক মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুণ্ডু (৫৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রূপসা থানাধীন আমদাবাদ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিলি কুণ্ডু বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্বা গ্রামের অমর কুণ্ডুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, লিলি কুণ্ডু দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে স্বামী অমর কুণ্ডুর সঙ্গে মোটরসাইকেলে করে খুলনা আই হাসপাতালে ডাক্তার দেখাতে যান তিনি। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী লোকাল বাস (ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে মোটরসাইকেলের পেছন থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান লিলি কুণ্ডু এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার স্বামী অমর কুণ্ডু মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে বাসটি জব্দ করেছে। এছাড়া বাসের চালক সাগরকে (২৬) কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিহতের পরিবারে এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।