/ অনেক কষ্ট করে গাভী দুটি লালন-পালন করেছিলাম। এক রাতেই আমার সব শেষ

অনেক কষ্ট করে গাভী দুটি লালন-পালন করেছিলাম। এক রাতেই আমার সব শেষ

নিজস্ব প্রতিনিধি,রূপসা (খুলনা) : বলেন, “অনেক কষ্ট করে গাভী দুটি লালন-পালন করেছিলাম। এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। আমি প্রশাসনের কাছে আমার শেষ সম্বলটুকু উদ্ধারের অনুরোধ জানাচ্ছি।” কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন সর্বস্বান্ত গোপাল মিশ্র।

খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে আবারও গরু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে ওই গ্রামের খামারি গোপাল মিশ্রের গোয়ালঘর থেকে দুটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী গোপাল মিশ্র জানান, প্রতিদিনের মতো রাতে গাভী দুটিকে খাবার খাইয়ে তিনি ঘুমাতে যান। আজ সকালে ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে দেখেন তার অতি আদরের গাভী দুটি নেই। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি তিনি। মুহূর্তেই তার সারা জীবনের পরিশ্রমের ফসল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।

গোপাল মিশ্রের দাবি, চুরি হওয়া অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বড় দুটি গাভীর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। গাভী দুটি হারিয়ে তিনি আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রূপসার বিভিন্ন এলাকায় গরু চুরিসহ নানা ধরনের চুরি বৃদ্ধি পেয়েছে। একটার পর একটা চুরির ঘটনায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র খামারিদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চোরচক্রের তৎপরতা বাড়লেও পুলিশি নজরদারি পর্যাপ্ত নয়।

এ বিষয়ে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।