বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর জেলা সফর করবেন। এটি যশোরবাসীর জন্য সুখবর। সফরকালে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত শার্শার উলাশী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
গতকাল শনিবার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৬ সালে যশোরের এক ঐতিহাসিক জনসভায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময়েও যশোরবাসী পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ সুবিধা পায়নি। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৫ বছরে যশোরের উন্নয়ন অনেকাংশে স্থবির হয়ে পড়েছিল। আমরা চাই, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে সেই উন্নয়নের চাকা আবার সচল হোক। এ লক্ষ্যে তিনি গণমাধ্যমসহ যশোরবাসীর সহযোগিতা কামনা করেন।
কৃষি খাত প্রসঙ্গে তিনি জানান, কৃষকদের সেচ কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা ভবন নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ৬৬৭ কোটি টাকা, যার মধ্যে ভবন নির্মাণে ব্যয় হবে ২৫২ কোটি টাকা। ২০২৮ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবা অবকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত হবে। এতে জটিল অস্ত্রোপচার, হৃদরোগ চিকিৎসা, ডায়ালাইসিস ও এমআরআইসহ আধুনিক চিকিৎসা সুবিধা সহজলভ্য হবে এবং রোগীদের দূরবর্তী শহরে যাওয়ার প্রয়োজন কমে আসবে।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর যশোর সফর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সফরসূচির অংশ হিসেবে তিনি শার্শার উলাশী খাল এলাকা পরিদর্শন, যশোর সদর উপজেলায় কৃষি প্রণোদনার পাট বীজ বিতরণ, উচ্চশিক্ষা বৃত্তির চেক বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু হাসনাত মো. আহসান হাবীবসহ প্রশাসন, রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।-তথ্য বিবরণী \