/ হামে খুমেক হাসপাতালে ২৩ মাসের শিশুর মৃত্যু

হামে খুমেক হাসপাতালে ২৩ মাসের শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : খুলনায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। মাত্র দুই দিনের ব্যবধানে ঝিনাইদহ জেলার দুই শিশুর মৃত্যু জনস্বাস্থ্য পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। সর্বশেষ গতকাল শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।


হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির নাম চাঁন (২৩ মাস)। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার বারো বাজার এলাকায়। পিতা গোলাম রসুল ও মাতা ইয়াসমিন বেগম। শনিবার সকাল ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন জানান, শিশুটিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ২৩ মাস বয়স হলেও শিশুটিকে একটি টিকাও দেওয়া হয়নি। সে মারাত্মক অপুষ্টিতে ভুগছিল। হাসপাতালে আনার পর সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি, বলেন তিনি।


এর আগে গত ৯ এপ্রিল একই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ মাস বয়সী আরেক শিশু শামীম, যার বাড়িও ঝিনাইদহ জেলায়। ফলে অল্প সময়ের ব্যবধানে একই জেলা থেকে আসা দুই শিশুর মৃত্যু হামের ভয়াবহতা আরও স্পষ্ট করে তুলেছে।