/ দিঘলিয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার, নগদ টাকাসহ বন্দুক উদ্ধার

দিঘলিয়ায় হত্যা মামলার আসামী গ্রেফতার, নগদ টাকাসহ বন্দুক উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিঘলিয়া (খুলনা : উপজেলার দেয়াড়ায় ছিনতাইকারী সাগর হত্যা মামলার আসামী আঃ রহমানকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক, নগদ টাকা ও গুলির খোসা।


থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সম্প্রতি দেয়াড়া গ্রামে ছিনতাইকারির গুলিতে অপর ছিনতাইকারী সাগর নিহতের অন্যতম আসামি আঃ রহমানকে পিরোজপুর থেকে গ্রেফতার করেছে। তার স্বীকারোক্তি মোতাবেক বাগেরহাটের কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে পিরোজপুর থেকে আঃ রহমানকে গ্রেফতারের পর তাকে গত সোমবার বিকাল ৪ টার দিকে দিঘলিয়া থানায় নিয়ে আসা হয়েছে। তার দেওয়া স্বীকারোক্তিতে ক্রাইম জোন দেয়াড়া কলোনীর তার বাড়িতে থাকা মায়ের কাছে রাখা ৯২ হাজার টাকা এবং অন্যত্র লুকিয়ে রাখা একটা একনলা বন্দুক ও একটা গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য: গত ২৬মার্চ দিবাগত রাত ১টার দিকে দেয়াড়া খেয়াঘাট বাজার দোকানদার তাহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্টিমারঘাট সংলগ্ন মেসার্স পপুলার জুট পাট গুদামের পাশে ছিনতাইকারিদের কবলে পড়েন।


সেখানে ছিনতাইকারী চিহ্নিত সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে অপর দুর্বৃত্ত সাগর (২৬) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্যান্য চিহ্নিত সশস্ত্র সংঘবদ্ধ দুর্বৃত্তরা নগদ ৫ লাখ টাকা ও একাধিক মোবাইলসহ ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে দিঘলিয়া থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের হয়। মামলা নং ১২ তারিখ ২৭/০৩/২০২৫ ইং।