দিলীপ বর্মন : খুলনা মহানগরীর অন্যতম প্রবেশদ্বার জিরো পয়েন্টের চারটি আইল্যান্ড বাহারি বাগান বিলাস ফুলে সেজে উঠবে। ঈদুল আযহার আগেই আইল্যান্ডগুলোতে বিভিন্ন প্রজাতির বাগান বিলাস ফুলের গাছ রোপন করা হবে। মহানগরীর সৌন্দর্য বাড়াতে এবং পথচারী ও যাত্রীদের মুগ্ধ করতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ এই উদ্যোগ নিয়েছে।
খুলনা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ‘ভৌগলিক কারণে জিরো পয়েন্ট খুলনা মহানগরীর অন্যতম প্রধান প্রবেশদ্বার ও একটি গুরুত্বপূর্ণ ট্রাফিক ইন্টরসেকশন। জিরো পয়েন্টটি ৪টি গুরুত্বপূর্ণ মহাসড়ক-সিটি বাইপাস মহাসড়ক, খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়ক, খুলনা-ফুলতলা মহাসড়ক এবং রূপসা সেতুর এপ্রোচ মহাসড়ককে সংযুক্ত করেছে।
প্রতিনিয়ত এ সংযোগ সড়কগুলি দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করে। স্বাভাবিক কারণেই জিরো পয়েন্টে যাত্রীদের সমাগম বেশি থাকে। এই চার মহাসড়কের সংযোগস্থলের চারটি আইল্যান্ডে ২৫টি করে ১০০টি বাগান বিলাস ফুলের গাছ রোপন করা হবে। এর জন্য প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এই উদ্যোগটি জিরো পয়েন্টকে আরও পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলবে। খুলনার সৌন্দর্য পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। নগরীর সৌন্দর্য বর্ধনে সড়ক বিভাগ এই উদ্যোগ নিয়েছে।’
খুলনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক জানিয়েছেন, ‘সরকারের বৃক্ষ রোপনের মহাপরিকল্পনার অংশ হিসেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, আমরা যশোরের উন্নত মানের নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির বাহারি বাগান বিলাস ফুলের চারা আনার সিদ্ধান্ত নিয়েছি। ঈদের আগেই এই ফুলের চারা রোপন করা হবে। বর্ষা মৌসুমে খুলনার অন্যতম প্রবেশদ্বার জিরো পয়েন্ট রঙিন হয়ে উঠবে।’
তানিমুল হক আরো বলেন, ‘জিরো পয়েন্টে যানবাহন চলাচল সহজীকরণ, যানজট নিরসন, যানচলাচলে শৃঙ্খলা এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা রেখে গোলচত্বরকে আধুনিকায়ন, আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করার জন্য খুলনা সড়ক ও জনপথ বিভাগ এর আগে ইন্টারসেকশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। আমরা খুলনার জিরো পয়েন্টে ও পাইকগাছার জিরো পয়েন্টে আরসিসি ঢালাইয়ের কাজ করেছি। এছাড়া খুলনার জিরো পয়েন্টের গোল চত্তর সাজানোর জন্য আরও একটি পরিকল্পনা রয়েছে। আগামীতে তা বাস্তবায়ন করা হবে।’
খুলনা সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকৌশলী সাগর সৈকত মন্ডল বলেন, ‘সড়ক বিভাগের হাত ধরে খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে সৌন্দর্য বর্ধনের কাজ করা হচ্ছে। তারই অংশ হিসেবে জিরো পয়েন্টের আইল্যান্ডে বাগান বিলাস ফুলের গাছ লাগানো হবে। ইতোমধ্যে আমরা খুলনার ময়লাপোতা থেকে ১৮ মাইল পর্যন্ত সড়কের সংস্কার এবং বেতগ্রাম থেকে কয়রা পর্যন্ত ৬৫ কিলোমিটার সড়কের বাঁক সরলীকরণসহ সংস্কার করেছি। আগামীতে সড়ক বিভাগ আরও উন্নয়নমূলক কাজ করবে।’
খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খুলনা সড়ক ও জনপথ বিভাগ জিরো পয়েন্টের আইল্যান্ডে বাগান বিলাস ফুলের গাছ লাগানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে খুলনার জিরো পয়েন্টের সংযোগস্থলে রঙিন ফুলের সমারহ দেখা যাবে। এটি শুধু ট্রাফিক জংশন থাকবে না। একটি দৃষ্টিনন্দন প্রবেশদ্বারে পরিণত হবে। খুব তাড়াতাড়ি এটি দৃশ্যতো হবে এবং খুলনার সৌন্দর্য পিপাসু মানুষ জিরো পয়েন্টের গোল চত্তরের সৌন্দর্য উপভোগ করতে পারবে।