মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলার এক বছর পার হলেও এখনো কার্যকর হয়নি মৃত্যুদণ্ডের রায়। এ নিয়ে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছেন আছিয়ার মা আয়েশা খাতুন।
বুধবার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়াদের ছোট্ট টিনের ঘরে এখনও স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন পরিবারটি। বুকভরা আক্ষেপ নিয়ে আয়েশা খাতুন বলেন, “মেয়েডা মারা গেছে এক বছরের বেশি হইছে। বিচারে আসামির ফাঁসি হইছে সেও এক বছর হলো। এখনো অপেক্ষায় আছি, কবে আমার আছিয়ার খুনিদের ফাঁসি হবে।”
তিনি বলেন, মামলার প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড হলেও হাইকোর্টে আপিলের কারণে বিচার কার্যক্রম থমকে আছে। এদিকে মানসিক ভারসাম্য হারিয়েছেন তার স্বামী। সংসার চালাতে কষ্টের কথা তুলে ধরে আয়েশা বলেন, একটি সংগঠনের দেওয়া গাভির দুধ বিক্রি করেই কোনোভাবে চলছে তাদের জীবন।
২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের আছিয়া। পরে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর দ্রুত বিচার ও রায় কার্যকরের আশ্বাস এলেও এখনো কার্যকর হয়নি সেই রায়।