/ কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁসির আদেশ

কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁসির আদেশ

মানিক ঘোষ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পাঁচ বছরের শিশু তাবাসসুমকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা ও লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ঝিনাইদহ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি নিহত শিশুর বাড়ির পাশের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের শিশু তাবাসসুম নিখোঁজ হয়। পরদিন সকালে পাশের একটি বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা নজরুল ইসলাম কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্তের এক পর্যায়ে ২৭ ফেব্রুয়ারি কুষ্টিয়া থেকে আবু তাহেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করেন। তদন্ত শেষে ২৬ মে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

মাত্র পাঁচ কার্যদিবসে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ঘটনার চার মাসের মধ্যে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে আবু তাহেরকে মৃত্যুদণ্ড এবং ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া লাশ গুমের অপরাধে তাকে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম বলেন, “দ্রুত সময়ের মধ্যে মাত্র পাঁচ কার্যদিবসে বিচারকাজ শেষ হয়েছে। আদালত আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”