স্টাফ রিপোর্টার: এবার আষাঢ় মাসে স্মরণকালের সেরা বৃষ্টির রেকর্ড হলো| আজ আষাঢ়ের শেষ দিনেও বৃষ্টির আভাস রয়েছে| গত ২৯ দিনেই গড় ৩০০মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড অতিক্রম করেছে| কোথাও কোথাও তা ৫শ মিলিমিটার ছাড়িয়ে গেছে|
আবহাওয়া অফিস মাসিক পূর্বাভাসে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস দিলেও তা ফলেছে বিপরীত| শেষ পর্যন্ত এবারের আষাঢ় মাসের বৃষ্টি রেকর্ড হয়েছে বিগত বহুবছরের চেয়ে বেশি| তবে এই অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধ অবস্থা কাটিয়ে না উঠতেই শ্রাবণেও প্রবল বর্ষণের আভাস পাওয়া যাচ্ছে| ইতোমধ্যে আবহাওয়া অফিস সে পূর্বাভাসই দিয়েছে| শ্রবণেই মূলত আষাঢ়ের দ্বিগুণ বৃষ্টিপাত ঘটে| বর্ষা মৌসুমের এ মাসে ১-২টি নিম্নচাপের ফলে বৃষ্টিপাত ঘটে| এবার শ্রাবণেও যদি স্বাভাবিকের চেয়ে অতিবৃষ্টি হয় তা হলে পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে| ইতোমধ্যে টানা ১০দিনের বৃষ্টির ফলে আমন ধানের বীজতলাও ঠিকমত করা সম্ভব হয়নি| আবার অনেব স্থানে বীজতলা ডুবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আমন ধানের চারা সংকট দেখা দিতে পারে| ১০-১২দিন রোদ্দুরের আভাবে ধান শুকানো ও ধান রাইস মিলে ভাঙ্গাতে না পারায় বাজারে কিছুটা প্রভাব ফেলেছে|
এদিকে ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস| টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর| তবে এই স্থায়ীত্ব দীর্ঘস্থায়ী হবে না| সংস্থাটি জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ শুরু হতে পারে| সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক|
তিনি বলেন, সোমবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি থাকতে পারে| এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারি বৃষ্টির প্রবণতা শুরু হবে, যা টানা ১ থেকে ৩ দিন স্থায়ী হতে পারে| তবে এ সময়ের মধ্যেও দেশের কিছু এলাকায় ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে|
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, গত ২৭ ঘণ্টায় ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে| তিনি আরও বলেন, সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে| আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের ঝুঁকি আগামী কয়েক দিনও বজায় থাকতে পারে|