/ খুলনায় ‘সেভ ইন্টারনেট ও ডিজিটাল ওয়েলবিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় ‘সেভ ইন্টারনেট ও ডিজিটাল ওয়েলবিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : খুলনা পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক অনলাইন ব্যবহার নিশ্চিত করতে ‘সেভ ইন্টারনেট ও ডিজিটাল ওয়েলবিং’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট যুব উন্নয়নমূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ওয়াইএএসডি)-এর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রজেক্ট ম্যানেজার হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন শাফনা আক্তার। এ সময় মেহেজাবিন, মাইম, শাওন, ফারহানা, সামিহা, অনন্যা ও ফয়সালসহ আয়োজক দলের সদস্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মশালায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

কর্মশালায় ডিজিটাল মাধ্যমের নিরাপদ ব্যবহার, সাইবার বুলিং প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে গাছ বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

পশ্চিম বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের যুগোপযোগী প্রশিক্ষণ তাদের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে। বর্তমান প্রজন্ম প্রযুক্তির আধুনিকতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। তাদের ডিজিটাল সুরক্ষা ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তথ্য ও প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর।’

কর্মশালা শেষে দশম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি বলেন, ‘এই প্রশিক্ষণ থেকে পাওয়া দিকনির্দেশনা আমাদের পড়াশোনায় আরও আত্মবিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আধুনিকতার পথে এগিয়ে যাওয়ার সময় সম্ভাব্য ঝুঁকি ও বিপদ মোকাবিলা করে ডিজিটাল জগতকে আরও নিরাপদ ও সুন্দর করে গড়ে তুলতে চাই।’