/ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) আজ

পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) আজ

স্টাফ রিপোর্টার: আজ অরবি রবিউল আওয়াল মাসের ১২ তারিখ। পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী। মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জন্ম ও ওফাতের পুণ্যস্মৃতিময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, রাহবারও তাঁকে বলা হয় সাইয়েদুল মুরসালিন ও খাতামুন্নাবিয়ীন।

মহানবী (সা.) মহান আল্লাহ প্রদত্ত সব দায়-দায়িত্ব সফলভাবে সম্পাদন করে এই দিনে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সান্নিধ্যে চলে যান। আজকের দিনটি তাই অত্যন্ত পবিত্র, মহিমান্বিত ও অনন্য। যুগে যুগে মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য মহান আল্লাহতায়ালা নবী-রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূলে করিম হযরত মুহম্মদ (সা.) তাঁদের মধ্যে শেষ ও শ্রেষ্ঠ। সমগ্র মানব জাতির কল্যাণের জন্য তিনি শান্তি ও কল্যাণের বাণী নিয়ে এসেছিলেন। মানবজাতির কল্যাণেই উৎসর্গীকৃত ছিল তাঁর বর্ণাঢ্য ও কর্মময় জীবন। তিনি ছিলেন ন্যায়নিষ্ঠ, সৎ, সত্যবাদী এক মহাপুরুষ। মানবের মুক্তি ও কল্যাণ কামনা করেছেন তিনি এবং সে লক্ষ্যেই ব্যয় করেছেন জীবনের সবটুকু সময়। তিনি মানুষের মনে এই বোধ জাগ্রত করেছিলেন যে-মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সমাজ সংস্কারক হিসেবে মহানবী হযরত মুহম্মদ (সা.) সর্বকালের আদর্শ। সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করেছেন তিনি। মানুষ মানুষের ভাই-এই বোধ তিনিই জাগিয়ে তুলেছেন। সমাজে শ্রমিকের অধিকারও প্রতিষ্ঠা করেছেন তিনি। হযরত মুহম্মদের (সা.) জীবনাদর্শ অনুসরণ করে আমরা সব ধরনের অন্যায়-অবিচার থেকে মুক্তি পেতে পারি। তাঁর আদর্শই বিশ্বসমাজে সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করবে।
আজ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে খুলনায় সরকারিভাবে জেলা প্রশাসনসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা, সামাজিক প্রতিষ্ঠান নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ ২৬ আগস্ট র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ভবন, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল সদর দপ্তর, ইউনিট, ঘাঁটি, জাহাজসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।


সুবিধাজনক সময়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ওয়াজ মাহফিল, বেতারের জন্য সেমিনার অনুষ্ঠান ধারণ ও প্রচার, ক্বিরাত মাহফিল, হামদ নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, আরবীতে খুৎবা লেখা প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ টলিভিশন, বাংলাদেশ বেতার, অন্যান্য ইলেক্ট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচার মাধ্যমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এবং পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।


জেলা প্রশাসন: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ ২৬ আগস্ট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং বেসরকারি সংস্থাসমূহ নিজ নিজ উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় নিজস্ব ব্যবস্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, অন্যান্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ইসলামিক ফাউন্ডেশনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান কর্তৃক মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী, কর্ম ও শিক্ষা, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা সভা, কেরাত, দোয়া মাহফিল, হামদ-নাত, কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিশুদের জন্য হামদ-নাত, মহানবীর জীবন ও কর্মভিত্তিক কবিতা, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


জেলার সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন,শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থানে দিবস উপযোগী ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হবে।

আজ বিকাল পাঁচটায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর জীবনী এবং কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মহানগর বিএনপি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার বেলা ১১টায় খুলনার কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে খুলনা মহানগর বিএনপি, থানা ও ওয়ার্ড বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন।

কেসিসি: পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ শনিবার নগর ভবনে মহানবী (স.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা; ক্বিরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার।
খুলনা প্রেসক্লাব : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আয়োজনে আজ ০৬ সেপ্টেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কেকেবিএইউ:খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।