বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধি: বাগেরহাট ও সাতক্ষীরায় সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম, স্বজনপ্রীতি ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। বাগেরহাটে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এক ব্যবসায়ী। অন্যদিকে, সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে সার ডিলার নিয়োগের তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন মেসার্স মায়ের আঁচল ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ। জেলা প্রশাসকের কাছে দেওয়া অভিযোগে তিনি দাবি করেন, তাঁর প্রতিষ্ঠানের গুদাম পরিদর্শন ও আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ১০ হাজার বর্গফুটের বেশি আয়তনের গুদাম থাকা সত্ত্বেও তাঁর অনুপস্থিতিতে গুদাম পরিদর্শন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া মেসার্স সুপার বেঙ্গল এয়ারের স্বত্বাধিকারী মেহেদি হাসান শাহিনের প্রতিষ্ঠানের গুদামের কাগজপত্রের সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতি থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটিকে তালিকার প্রথম স্থানে রাখা হয়েছে বলে দাবি করেন আবুল কালাম আজাদ। তিনি সার ডিলার নিয়োগের তালিকা, গুদাম পরিদর্শনের প্রতিবেদন ও আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া পুনরায় পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত বলেন, সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যদের সমন্বয়ে নিয়ম অনুযায়ী আবেদনকারীদের গুদাম ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি বলে জানান তিনি।
অন্যদিকে, সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা জজকোর্টের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ব্যবসায়ী ও যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করে অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে ডিলারশিপ বরাদ্দ দেওয়া হয়েছে। তাঁরা বিতর্কিত নিয়োগ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় ডিলার নিয়োগের দাবি জানান। কর্মসূচিতে জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান ভুট্টো ও সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, অভিযোগের বিষয়ে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।