অপরাধী ব্যক্তি, গাড়ি বা ইজিবাইক দ্রুত শনাক্ত করা যাবে
জনবহুল মোড় ও প্রবেশপথে নজরদারি বাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা বন্ধ হবে
স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং সেবার মান আধুনিক করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সাম্প্রতিক নাশকতার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে কেসিসি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করেছে। এ বিষয়ে লন্ডনভিত্তিক একটি প্রতিষ্ঠানের সঙ্গে গতকাল নগর ভবনের জিআইজেড মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, নগরজুড়ে এআই ক্যামেরা চালু হলে নানা সুবিধা পাওয়া যাবে। এতে এআই প্রযুক্তির মাধ্যমে কোনো অপরাধ ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তি, গাড়ি বা ইজিবাইক দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। এতে অপরাধীদের অবস্থান নির্ণয় ও গ্রেপ্তার সহজ হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল মোড় ও প্রবেশপথে নজরদারি বাড়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নাশকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশপাশি শহরের যান চলাচল পর্যবেক্ষণ করে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করা যাবে এবং টোল আদায় ব্যবস্থায় এআই প্রযুক্তি যুক্ত হলে স্বচ্ছতা ও গতি বাড়বে, যা করপোরেশনের রাজস্ব ব্যবস্থাপনাকে আধুনিক করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রচলিত সিসিটিভির তুলনায় এআই ক্যামেরা দ্রুত ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহজনক গতিবিধি ও যানবাহন চিহ্নিত করতে পারে। ফলে পুলিশের তদন্ত ও তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সময় কমে আসবে। নগরবাসীর মতে, পুরো শহর নজরদারির আওতায় এলে জনমনে স্বস্তি ফিরবে এবং অপরাধপ্রবণতা কমবে।
এদিকে ‘‘সমন্বিত এআই চালিত নগর নিরাপত্তা, ট্রাফিক ইন্টেলিজেন্স ও টোল রাজস্ব স্বয়ংক্রিয়করণ’’ বিষয়ক প্রস্তাবনা উপস্থাপন সংক্রান্ত এক সভা বুধবার সকাল সাড়ে ৯টায় নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ঢাকাস্থ ডেকো ইশো টেকনোলজিস লিমিটেড (ডিআইটিইসিএইচ) এ সভার আয়োজন করে।
সভায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, খুলনা মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রতিনিধিদের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে গঠিত কারিগরি কমিটির সাথে ডিআইটিইসিএইচ-এর প্রতিনিধিদের সভা আয়োজনের মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সমন্বিত এআই কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রশাসক বলেন, নগরীতে এআই স্থাপন বিষয়ে অংশীজনদের বিশেষ করে, সড়ক ও জনপথ, এলজিইডি, কেডিএ’র সম্পৃক্ত থাকা প্রয়োজন। এছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং যানবাহনের লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিআরটিএ-এর সম্পৃক্ততা ও তথ্যের প্রয়োজন হবে। যেহেতু খুলনায় প্রথমবারের মতো হতে যাচ্ছে, তাই স্থানীয় সরকার বিভাগের অনুমোদন সাপেক্ষে দ্রুত এ কাজ সম্পন্ন করতে হবে। শহরের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, এই অটোমেশন পদ্ধতি নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই উদ্যোগের প্রতি জনগণের ব্যাপক চাহিদা ও সমর্থন রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নাগরিকরা এটিকে সমর্থন জানিয়ে নানা পরামর্শ দিচ্ছেন। সিটি কর্পোরেশনের এই নতুন সেবাটি সফলভাবে বাস্তবায়নে তিনি নাগরিকদের অংশগ্রহণ ও সহযোগিতার প্রয়োজন হবে বলে তিনি উল্লেখ করেন।
উভয় সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, শেখ মো: মাসুদ করিম, অর্কিটেক্ট রেজবিনা খানম, ভেটেরিনারী অফিসার ড. পেরু গোপাল বিশ্বাস, কুয়েট-এর রিসার্চ এ্যাসোসিয়েট মো: রাহাতুল ইসলাম ও মো: রফি আহমেদ, কেএমপি’র সহকারী কমিশনার (ট্রাফিক) মো: ফজলুল কবির, ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মো: আবুবক্কার সিদ্দিক, কেসিসি’র সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো: মোস্তাফিজুর রহমান, সহকারী আইসিটি ম্যানেজার মো: রেদওয়াদনুর রহমান, সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, ডিআইটিইসিএইচ-এর হেড অব সেলস সৈয়দ মেজবাহুল হাসান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।