শুধু প্রতিশ্রুতি নয়, জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় ‘ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’ দাবি
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণনির্ভর অর্থায়নের পরিবর্তে ক্ষতিপূরণ ও অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং জলবায়ু নীতিনির্ধারণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
আসন্ন জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31 সামনে রেখে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় খুলনায় সিভিক ভয়েজ ইয়ুথ ইনিশিয়েটিভের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি জানান।
সংগঠনের সভাপতি সাবিয়া নূসরাত অন্যার সভাপতিত্বে সভায় মূল আলোচক ছিলেন সিভিক ভয়েজ বাংলাদেশের নির্বাহী সমন্বয়কারী এস. কে. এম. ডি. বাহলুল আলম।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত ক্ষতির মুখে পড়ছে। এ অবস্থায় তাদের ওপর নতুন করে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া ন্যায়সংগত নয়। তাই ‘ঋণ নয়, ক্ষতিপূরণ চাই’ দাবির ভিত্তিতে পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন মুসলিমা খাতুন, হুমায়রা তাবাচ্ছুম, শিল্পা দাস ও ইখতিয়ার মুধা। বক্তারা জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং জলবায়ু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।