/ অভাব আর ক্যান্সারের সঙ্গে লড়াই: মেয়ের কোলে মৃত্যুর প্রহর গুনছে হাসিনা

অভাব আর ক্যান্সারের সঙ্গে লড়াই: মেয়ের কোলে মৃত্যুর প্রহর গুনছে হাসিনা

প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রায় ২২ হাজার টাকা প্রয়োজন হলেও পরিবারের আয় মাত্র ১০ হাজার টাকার মতো, ফলে চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

রহমাতুল্লাহ: খুলনার মহেশ্বরপাশা এলাকার ৬৫ বছর বয়সী হাসিনা বেগম বর্তমানে দারিদ্র্য ও মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি এখন চরম দুর্বলতায় ভুগছেন এবং প্রায় কঙ্কালসার অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন।

প্রায় ২৫ বছর আগে স্বামীর মৃত্যু এবং পাঁচ বছর আগে একমাত্র ছেলেকে হারানোর পর তার জীবন আরও কঠিন হয়ে ওঠে। বর্তমানে তার একমাত্র ভরসা মেয়ে সোনিয়া। যিনি নিজেও অভাবের মধ্যে জীবনযাপন করছেন। সোনিয়া একটি মাদ্রাসায় রান্নার কাজ করে মাসে মাত্র চার হাজার টাকা আয় করেন, আর তার স্বামী দিনমজুর। এই সামান্য আয়ে সংসার চালানোই কঠিন, তার ওপর মায়ের ব্যয়বহুল চিকিৎসা তাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।

মায়ের চিকিৎসার জন্য সোনিয়া নিজের শেষ সম্বল, শ্বশুরবাড়ি থেকে পাওয়া জমিও বিক্রি করেছেন। গত দুই বছর ধরে তিনি নিঃস্ব হয়েও মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু হাসিনা বেগমের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। ক্যানসারের পাশাপাশি খাদ্যনালিতে সংক্রমণ থাকায় তিনি স্বাভাবিক খাবার খেতে পারেন না; ফলে এখন পানি ও ফলের রসই তার প্রধান খাবার।

দীর্ঘদিন অপুষ্টিতে তার শরীর ভেঙে পড়েছে এবং বিছানা থেকে ওঠার শক্তিও নেই। মেয়েকে তাকে ছোট শিশুর মতো কোলে করে দেখাশোনা করতে হয়। প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রায় ২২ হাজার টাকা প্রয়োজন হলেও পরিবারের আয় মাত্র ১০ হাজার টাকার মতো, ফলে চিকিৎসা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় সামাজিক সংগঠন ‘রিবিল্ড বাংলাদেশ’-এর পক্ষ থেকে কিছু সহায়তা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।