বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু
স্টাফ রিপোর্টার : বর্ষার সঙ্গে পাল্লা দিয়ে খুলনায় বাড়ছে ডেঙ্গুর দাপট। প্রতিদিনই হাসপাতালে যোগ হচ্ছে নতুন রোগী। গত ২৪ ঘণ্টায় শুধু খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৬ জন। এর মধ্যে খুলনা জেলায় ৮৫ এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮১ জন। এ সময়ে পুরো খুলনা বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৬ জন। একদিনে এত বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় বর্ষার এই সময়ে খুলনায় ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের শুরু থেকে গতকাল শনিবার পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৩০ জন। তাঁদের মধ্যে ৩ হাজার ৬০৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৭২ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৬ জনের। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের শনিবারের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিভাগের ১০ জেলার মধ্যে ডেঙ্গুর সবচেয়ে বেশি চাপ এখন খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৭৭ জন সরকারি এবং আটজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বছরের শুরু থেকে এ পর্যন্ত খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৭ জন। তাঁদের মধ্যে ১ হাজার ৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দু’জনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২২ জন।
অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। তাঁদের মধ্যে ৮১৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৫৭ জন।
বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালে এ পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৩৭৯ জন চিকিৎসাধীন। বিভাগের মোট চিকিৎসাধীন রোগীর বড় একটি অংশের চাপ তাই খুলনার হাসপাতালগুলোর ওপর।
গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে নতুন করে কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি। তবে বছরের শুরু থেকে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮৪ জনে। তাঁদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে বাগেরহাটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৯৮ জন। উন্নত চিকিৎসার জন্য ৩২ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে দু’জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত ২৩ জনের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ছয়জন। একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৯ জন। তাঁদের মধ্যে ৪৫ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৪ জন।
যশোরেও ডেঙ্গুর সংক্রমণের চাপ রয়েছে। গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে নতুন করে ১৭ জন ভর্তি হয়েছেন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। তাঁদের মধ্যে ৩৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ৩৪ জন। উন্নত চিকিৎসার জন্য দু’জনকে অন্যত্র পাঠানো হয়েছে। এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর খবর নেই।
ঝিনাইদহে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৮ জন। তাঁদের মধ্যে ৫০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আটজন। মাগুরায় আক্রান্ত ৯৯ জনের মধ্যে ৯৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে রয়েছেন ছয়জন।
নড়াইলে আক্রান্তের সংখ্যা ১৫৯। তাঁদের মধ্যে ১৪৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সাতজন। উন্নত চিকিৎসার জন্য চারজনকে অন্যত্র পাঠানো হয়েছে। কুষ্টিয়ায় এ পর্যন্ত আক্রান্ত ৯৪ জন। তাঁদের মধ্যে ৮০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৪ জন।
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজন ভর্তি হয়েছেন। মোট আক্রান্ত ১১ জনের মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে রয়েছেন একজন।
মেহেরপুরে আক্রান্ত ৭৫ জনের মধ্যে ৭০ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন পাঁচজন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১৮৮ জন সরকারি হাসপাতালে এবং আটজন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন। এ পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ৩৯ জনকে অন্যত্র পাঠানো হয়েছে।
একদিকে প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন অনেকে। কিন্তু একদিনে প্রায় দুইশ রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ডেঙ্গুর ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, খুলনা এখন বিভাগজুড়ে ডেঙ্গুর অন্যতম বড় চাপের কেন্দ্র। বিশেষ করে খুলনা জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে ১৬৬ রোগীর ভর্তি হওয়া পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট করেছে।